নওগাঁর আত্রাইয়ে গ্রামীণফোনের দুই কর্মীকে মাইক্রোবাসে তুলে নিয়ে জিম্মি করে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে নাটোর র্যাব-৫ ও আত্রাই থানা পুলিশ। গ্রেফতাররা হলেন—গনেশ মহন্ত (৩৭) এবং ওয়ারেন্টভুক্ত আসামি সাগর আলী (২৩)।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁর মৃধাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গনেশ মহন্তকে গ্রেফতার করে র্যাব-৫ ও আত্রাই থানা পুলিশ। তিনি নওগাঁ জেলার চকদেব নুনিয়াপাড়া মহল্লার গোপাল মহন্তের ছেলে।
এ ছাড়া পৃথক অভিযানে গতকাল আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে সাগর আলীকে গ্রেফতার করে পুলিশের একটি দল। তিনি আত্রাই উপজেলার বিহারিপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান জানান, গ্রামীণফোনের দুই কর্মীকে সড়ক থেকে তুলে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগীর অভিযোগের পর র্যাব-৫ ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে গ্রেফতার করা সম্ভব হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।