দীর্ঘ ৬ বছর পর কুমিল্লার চান্দিনা উপজেলা ও পৌর বিএনপি’র আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে চান্দিনার ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কাউন্সিলর, ডেলিগেট ও নেতা-কর্মীদের উপস্থিতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ওই কমিটি গঠন করা হয়। সম্মেলনে উপজেলা বিএনপি’র কমিটি গঠন কল্পে উপজেলা বিএনপি আহবায়ক মো. আতিকুল আলম শাওনকে সভাপতি ও সদস্য সচিব মো. কাজী আশরাদ কে সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপি’র কমিটি গঠন করা কল্পে পৌর বিএনপি’র আহবায়ক এবিএম সিরাজুল ইসলামকে সভাপতি ও সদস্য সচিব সাবেক পৌর মেয়র মো. আলমগীর খাঁনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। দুই কমিটির ২জন করে চারজন নেতা আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। জানা যায়, চান্দিনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র সম্মেলন সম্পন্ন করতে কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শরীফুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। শনিবার বিকেলে সম্মেলন স্থলে নির্বাচনী প্রক্রিয়ার কার্যক্রম শুরু করেন নির্বাচন কমিশন। চান্দিনা উপজেলা ও পৌর বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪জনের মনোনয়নপত্র জমা হয় এবং যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়ন বৈধ হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারপদে ৪জনের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন। উপস্থিত সকল নেতা-কর্মীরা সমর্থন করায় তাদেরকে স্ব স্ব পদে দায়িত্ব প্রদান করার সুপারিশ করেন নির্বাচন কমিশন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু। প্রধান বক্তার বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার। পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম জানান, অত্যন্ত সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয়েছে উপজেলা ও পৌর বিএনপি’র সম্মেলন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন। তবে এর আগেই আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করবো।