জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সালেকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা নাসরিন জাহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, এলজিইডির সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ এবং ভারপ্রাপ্ত বন কর্মকর্তা কামরুল ইসলাম।
সভায় জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জানানো হয়, জেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সম্ভাব্য ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে। ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে ৫৮৩টি পরিবারের মধ্যে জরিপ সম্পন্ন হয়েছে, যার মধ্যে ৩৪৩ জন পরিবার ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের আওতায় ভাতা পাচ্ছেন, প্রতিজন আড়াই হাজার টাকা করে।
এছাড়া জেলায় প্রায় ২১ কিলোমিটার এলাকায় ৯টি খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবছর ১ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় চাহিদা পাঠানো হয়েছে বলে জানানো হয়।
নারীদের জন্য যানবাহন প্রদান কর্মসূচি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি স্মার্ট কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে কৃষকরা সার, বীজ, কৃষিঋণ, ডিজিটাল সেবা ও ভর্তুকি সুবিধা পাবেন।
অন্যদিকে জেলায় ৫টি ব্যাংকের আওতায় ৪ হাজার ১২৬ জন কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকার কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।