দাউদকান্দিতে ৩৩তম কমিউনিটি ক্লিনিক উদ্বোধন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দরাজখোলা গ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৩৩তম কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, দরাজখোলা গ্রামের সমাজসেবক ও জমিদাতা মোহাম্মদ মনজুরুল হাসান ভূঁইয়া, আমেরিকা প্রবাসী মোঃ আখতারুজ্জামান ভূঁইয়া, আব্দুল বারেক মীর, সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন এবং ইউপি সদস্য সেলিম মিয়া।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্লিনিকটির সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তারা।
অনুষ্ঠানে জানানো হয়, কমিউনিটি ক্লিনিক চালুর পূর্বে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী নিজ অর্থায়নে প্রদান করেন দরাজখোলা গ্রামের সমাজসেবক ও জমিদাতা আলহাজ মনজুরুল আলম ভূঁইয়া।
আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান ভূঁইয়া বলেন, “এলাকায় মাদক এখন ক্যান্সারে পরিণত হয়েছে। তাই সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হতে হবে। শুধু পুলিশের ওপর নির্ভর করলে চলবে না।”
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, “কমিউনিটি ক্লিনিক নিয়ে কোনো অভিযোগ থাকলে আমাদের জানাবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। জনগণের স্বাস্থ্যসেবায় আমরা সবসময় নিয়োজিত আছি।”
পরে ইউপি চেয়ারম্যান দুলাল মিয়াকে প্রধান উপদেষ্টা, স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়াকে সভাপতি এবং সমাজসেবক মঞ্জুরুল আলম ভূঁইয়াকে সহ-সভাপতি করে ১৮ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।