রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করে রাজশাহীকে আরও সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে চান তিনি।
মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বরেন্দ্র প্রেসক্লাব নেতারা নগরীর উন্নয়ন, নাগরিক সেবা, ফুটপাত দখলমুক্তকরণ, শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, “নগরবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। রাজশাহীকে এখন ফুলের নগরী বলা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই গাছের পরিচর্যা ও নিয়মিত পানি দেওয়ার ব্যবস্থা করেছি। আগামী বর্ষা মৌসুমে নগরীতে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর মাঝে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হবে।
নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে রাসিক প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, মশক নিধনে ফগার স্প্রে কার্যক্রম এবং সড়কের খানাখন্দ মেরামতের কাজ চলমান রয়েছে। পাশাপাশি নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে তিনি বলেন, হাম-রুবেলা প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন শুরু থেকেই কার্যকর উদ্যোগ নেয়। জনসচেতনতা তৈরিতে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করা হয়েছে এবং শতভাগ টিকাদান লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।
সভায় রাজশাহীর উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক। এ সময় বরেন্দ্র প্রেসক্লাব নেতারা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই রাজশাহীকে আরও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।