স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর বিচরণ ছিল অত্যন্ত গভীর ও বিস্তৃত। সারা জীবন পড়াশোনা করেও তাঁকে পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়।
শুক্রবার (৮ মে) সকালে নওগাঁর পতিসর-এ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি বিশেষ গোষ্ঠী রবীন্দ্রনাথ ঠাকুরকে সাম্প্রদায়িক হিসেবে উপস্থাপনের চেষ্টা করে, যা তাদের জ্ঞানের সীমাবদ্ধতার পরিচয় বহন করে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার একজন দার্শনিক ও মানবতাবাদী কবি।
তিনি আরও বলেন, পতিসরের কৃষকদের উন্নয়নে রবীন্দ্রনাথ ঠাকুর কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করেছিলেন এবং আধুনিক কৃষি ব্যবস্থার ধারণা দিয়েছিলেন। কবির সেই চিন্তাধারাকে ধারণ করেই বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এছাড়াও অনুষ্ঠানে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু উপস্থিত ছিলেন।