স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউনেস্কোর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ বুধবার জাতীয় সংসদে মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনেস্কো বাংলাদেশের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল।
সাক্ষাৎকালে পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, মিডিয়া ও পুলিশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সুসান ভাইজকে স্বাগত জানান। এ সময় তিনি মন্ত্রীর নতুন দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান।
ইউনেস্কোর প্রতিনিধি জানান, পুলিশ ও সাংবাদিকদের প্রশিক্ষণ বিষয়ে তাদের চলমান প্রকল্প রয়েছে এবং এ বিষয়ে ইতোমধ্যে আইজিপির সঙ্গে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে আগামী জুনের মধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ প্রস্তাবে সম্মতি জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের আগে এসপি ও ওসি পদমর্যাদার প্রায় ৭০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণের পরামর্শ দেন। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের মিডিয়া শাখায় কর্মরত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শনিবার প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেন, যাতে অংশগ্রহণকারী কর্মকর্তাদের জন্য তা সুবিধাজনক হয়।
এ সময় সুসান ভাইজ জানান, সাংবাদিকদের জন্যও অনুরূপ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করছে ইউনেস্কো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে এর সঙ্গে জবাবদিহিতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং উপসচিব মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।