কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। তিনি বলেছেন, এ অঞ্চলের কোনো গ্রামেই আর কাঁচা সড়ক থাকবে না।
রবিবার (২৬ এপ্রিল) সকালে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জসিম উদ্দিন জানান, বুড়িচং–ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় ২৫০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। আমার দলের হোক বা অন্য দলের—মাদক ব্যবসায়ীদের পক্ষে কেউ সুপারিশ করলে তাকে বসিয়ে রেখে আমাকে জানাবেন।” মাদকবিরোধী কঠোর অবস্থান বজায় রাখার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমান ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করছেন। খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন।”
অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। প্রতিটি বিঘা জমির জন্য কৃষকদের দেওয়া হয় আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোসাঃ আফরিনা আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমানসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও জানানো হয়, অতি দ্রুত গোমতী নদীর ওপর মীরপুর সেতুর নির্মাণ কাজ শুরু হবে এবং গোবিন্দপুর সেতুটি সংস্কার করে আরও প্রশস্ত করা হবে, যা এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করবে।