দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে দেশের সব পেট্রোল পাম্পকে নির্দেশনা দিয়েছে সরকার।
শনিবার (১৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, কারাগারের জরুরি প্রয়োজনে দিন-রাত যেকোনো সময় বন্দি পরিবহন, কয়েদিকে হাসপাতালে পাঠানোসহ বিভিন্ন কাজে যানবাহন ব্যবহারের প্রয়োজন হয়।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন অভিযানে অংশ নিতে সংশ্লিষ্ট বাহিনীর যানবাহন নিয়মিত ব্যবহার করা হচ্ছে।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তর-এর যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপসচিব স্বাক্ষরিত এ আদেশে আরও বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত এসব বাহিনীর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটানো যাবে না।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে জ্বালানি সরবরাহে সাময়িক সংকট বা বিলম্বের কারণে জরুরি দায়িত্ব পালনে বিঘ্নের আশঙ্কা তৈরি হচ্ছিল। এ অবস্থায় দ্রুত সাড়া নিশ্চিত করতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
নীতিনির্ধারকদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জরুরি সেবা কার্যক্রম বিশেষ করে অভিযান, টহল, অগ্নিনির্বাপণ ও সীমান্ত নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল হবে। তবে একই সঙ্গে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে যেন অতিরিক্ত ভোগান্তি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার কথা বলা হয়েছে।