বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এ উপলক্ষে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে দিনব্যাপী বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সকাল ১০টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি যোগ দিলে স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ শহীদ আতাহার হোসেন। এরপর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে ফায়ার সার্ভিসের শিল্পীরা বৈশাখের চিরায়ত গান ‘এসো হে বৈশাখ এসো এসো’ পরিবেশন করেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের নিজস্ব শিল্পী ও আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন বাংলা গান পরিবেশন করেন।
দুপুর ১২টা ৪৫ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন।। এসময় স্টল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার এবং অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান করা হয়।
পরবর্তীতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরেন এবং সকলকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস নারী কল্যাণ সমিতির সভাপতি মিসেস নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার, সহসভাপতি ডাঃ সাবরিনা তাহের ও মোছাঃ সাম্মি আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মধ্যাহ্নভোজের মাধ্যমে। এছাড়া মেলা উপলক্ষে ঘোড়ার গাড়ির ব্যবস্থা এবং শিশুদের জন্য বানর ও সাপের খেলার আয়োজন করা হয়।