নওগাঁর আত্রাই উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান, পাট, মুগ ডাল ও তিল ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম এবং স্থানীয় এমপির প্রতিনিধি ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সম্পাদক কেএম আইয়ূব, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক এবং গণমাধ্যমকর্মীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার জানান, পর্যায়ক্রমে উপজেলার ৩১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হবে।
তিনি বলেন, প্রত্যেক কৃষককে উফশী আউশ ধানের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হবে। এছাড়া পাট (ব্রিজ আই সবুজ সোনা), মুগ ও তিল চাষের জন্য ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি ও প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হবে।
কৃষি বিভাগের এ প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বাড়াতে এবং চলতি মৌসুমে চাষাবাদে উৎসাহ জোগাবে বলে আশা সংশ্লিষ্টদের।