আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দেশের সব কারাগারে বন্দিদের জন্য উন্নতমানের বিশেষ খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে কারা অধিদপ্তর। ঈদের দিন সকাল, দুপুর ও রাতে বন্দিদের জন্য আলাদা বিশেষ মেনু পরিবেশন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে বন্দিদের জন্য পায়েস বা সেমাই এবং মুড়ি পরিবেশন করা হবে। দুপুরের মেনুতে থাকছে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, আলুর দম ও রুই মাছ। এছাড়া বন্দিদের জন্য পান ও সুপারির ব্যবস্থাও রাখা হয়েছে।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝেও ছড়িয়ে দিতে এ বিশেষ আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের সব কারাগারে একই ধরনের বিশেষ খাবার পরিবেশন করা হবে।
তিনি বলেন, “ঈদের দিন বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারাও উৎসবের আনন্দ কিছুটা হলেও অনুভব করতে পারেন।”
কারা অধিদপ্তর আরও জানায়, বন্দিদের মধ্যে ঈদের উৎসবমুখর পরিবেশ তৈরি করা এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।