দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলা-এ আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া পরিচালনা করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম-এর সভাপতিত্বে এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, প্রতিটি দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সকল সংস্থার সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি দুর্যোগ প্রস্তুতিতে সচেতনতা বৃদ্ধি এবং পূর্ব সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, এসব পদক্ষেপ জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমাতে সহায়ক হতে পারে। তাই দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সবার সঠিক ধারণা থাকা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা আ.ফ.ম. রুকুনুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ওবাইদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, মো. নাজিমুদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।