উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ইতোমধ্যে নির্বাচনী আমেজ দেখা দিতে শুরু করেছে। চায়ের দোকান, হাট-বাজার, পরিবহন স্ট্যান্ডসহ বিভিন্ন জনসমাগমস্থলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা।
এরই মধ্যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছেন আলহাজ এম এ লতিফ ভূঁইয়া।
স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এম এ লতিফ ভূঁইয়া দীর্ঘদিন ধরে দাউদকান্দি উপজেলার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দাউদকান্দি উপজেলা শাখার দুঃসময়ের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এম এ লতিফ ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। রাজনৈতিক প্রতিকূল সময়েও তিনি দলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ভূমিকা রেখেছেন বলে জানান নেতাকর্মীরা।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন এম এ লতিফ ভূঁইয়া। বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় অনেক বাসিন্দা তাকে পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি সদা হাস্যোজ্জ্বল, নিরহংকার ও সাদামাটা জীবনযাপনের মানুষ। উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে চান বলেও অনেকেই মত প্রকাশ করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে দাউদকান্দিতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হলেও নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে।
সাধারণ ভোটারদের প্রত্যাশা, যোগ্য, সৎ ও জনগণের পাশে থাকা একজন জনপ্রতিনিধিই যেন আগামী দিনে দাউদকান্দি উপজেলার নেতৃত্ব দেন। সেই আলোচনায় বর্তমানে এম এ লতিফ ভূঁইয়ার নামই বেশি শোনা যাচ্ছে।