প্রথমবারের মতো জয়পুরহাট জেলা থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পেলেন। নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সচিব আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন—খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জেলায় বইছে আনন্দের বন্যা।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এটি জেলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ প্রশাসনিক জীবনের অভিজ্ঞতা নিয়ে বিএনপি প্রার্থী হিসেবে প্রথমবার নির্বাচনে অংশ নেওয়া আব্দুল বারী নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৬৫,৫৪৮ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেছেন। এলাকায় তিনি সাধারণ মানুষের কাছে ‘ডিসি বারী’ নামেই পরিচিত।
কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিশিব সমুদ্র গ্রামে জন্ম নেওয়া আব্দুল বারী কর্মজীবনে ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসরের পর গত এক বছরে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
বিএনপি নেতা খুরশিদ আলম চৌধুরী বলেন, “প্রশাসনে থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ছিলেন। সততা ও দক্ষতার কারণে মানুষ তাঁর ওপর আস্থা রাখে।”
ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম বলেন, “ডিসি বারী হিসেবে তার অভিজ্ঞতা জয়পুরহাট-২ এর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, “তিনি মন্ত্রিসভায় গেলে শুধু জয়পুরহাট নয়, দেশের প্রশাসনিক ব্যবস্থাতেও ইতিবাচক পরিবর্তন আনবেন।”
এলাকাবাসী আশা করছেন, জেলা প্রথমবারের মতো মন্ত্রী পাওয়ায় আব্দুল বারী উন্নয়ন, স্বচ্ছতা ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচন করবেন।