সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী তিনজন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১১৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত দেড়টার দিকে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের আট শতাংশের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এবারের নির্বাচনে প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা করে জামানত জমা দিতে হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী—
স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির (মোটরসাইকেল) পেয়েছেন ১৯,৬৩৮ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পার্টির আতিকুর রহমান রতন মোল্লা (হাতি) পেয়েছেন ৫৫৫ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ১,৮৩৩ ভোট।
মোট ভোটার সংখ্যা ছিল ৩,৪৫,৪১৬ জন। প্রদত্ত ভোট পড়েছে ২,৩২,৯২৩টি। আট শতাংশের কম ভোট পাওয়ায় উপরোক্ত তিনজন প্রার্থী জামানত হারাচ্ছেন।
এদিকে, বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ) ১,০৮,৮৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭,৬২৯ ভোট।