নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী। পাড়া-মহল্লা ও প্রত্যন্ত এলাকায় নৌবাহিনীর একাধিক টিম প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সন্ধ্যার পর বিভিন্ন সড়কেও নিয়মিত টহল দিতে দেখা যাচ্ছে বাহিনীর সদস্যদের।
বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল হওয়ায় হাতিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই হাতিয়ায় নৌবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। দ্বীপ সরকারি কলেজের একটি ছাত্রাবাসে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে তারা নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে হাতিয়ায় নৌবাহিনীর সদস্যসংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ২০ জানুয়ারি অতিরিক্ত নৌবাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে নৌবাহিনীর সদস্যরা প্রতিদিন নলচিরা ঘাট থেকে শুরু করে নিঝুমদ্বীপ পর্যন্ত বিস্তৃত এলাকায় টহল দিচ্ছেন। কখনো গাড়িতে, কখনো পায়ে হেঁটে তারা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।
স্থানীয়রা জানান, নৌবাহিনীর সক্রিয় উপস্থিতিতে দ্বীপজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে।