কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন (পশ্চিম) ইউনিয়নে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানটি আজ ১৮ জানুয়ারি পরিচালিত হয়। এ সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।
অভিযান চলাকালে কানন দিঘী সংলগ্ন এলাকায় কৃষিজমির মাটি কর্তনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর আটক করা হয়। পরে সেটিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে সংরক্ষণ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন— সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
বিশেষজ্ঞদের ভাষ্যমতে, কৃষিজমির উপরিভাগের কয়েক ইঞ্চি অংশেই ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। এই স্তর অপসারণের ফলে জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হয়ে যায়, যার ফলে অধিক সার প্রয়োগ করেও কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া সম্ভব হয় না।
সহকারী কমিশনার জানায়, কৃষিজমি রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। আটককৃত যন্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।