চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি ২০২৬) চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের যুগিরখিল এলাকায় এবং আজ রোববার (১২ জানুয়ারি ২০২৬) কালিকাপুর ইউনিয়নের জামমুড়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় আনসার সদস্যগণ ও চৌদ্দগ্রাম থানার একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
যুগিরখিল এলাকায় অভিযানকালে মাটি কাটার সঙ্গে জড়িত দুটি ড্রাম ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়। এ ঘটনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারায় জমির মালিককে বিবাদী করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। জব্দকৃত মালামাল পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
অপরদিকে, রবিবার কালিকাপুর ইউনিয়নের জামমুড়া এলাকায় অবৈধ মাটি কাটার মূল দায়ী ব্যক্তির বিরুদ্ধে একই আইনের ১৩ ধারায় আরেকটি মামলা রুজু করা হয়েছে।