প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটের মাধ্যমে মোট ৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএসটি গুচ্ছভুক্ত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে এ (বিজ্ঞান), বি (মানবিক) ও সি (বাণিজ্য) ইউনিটের মাধ্যমে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজনেস স্টাডিজ অনুষদের অধীন হিসাব বিজ্ঞান (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস) বিভাগে মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে এ-ইউনিট থেকে ১২ জন, বি-ইউনিট থেকে ৮ জন এবং সি-ইউনিট থেকে ২০ জন শিক্ষার্থী নেওয়া হবে।
এছাড়া আইন অনুষদের অধীন আইন (LAW) বিভাগে মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বিভাগে এ-ইউনিট থেকে ১৬ জন, বি-ইউনিট থেকে ২০ জন এবং সি-ইউনিট থেকে ৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তির যোগ্যতা অর্জন করবেন।
এর আগে গত ১০ ডিসেম্বর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগ খোলার অনুমোদন দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শর্তসাপেক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন অনুষদের আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ চালুর অনুমতি দেওয়া হয়েছে।
ইউজিসির শর্তাবলির মধ্যে রয়েছে—
পরিদর্শন কমিটির সুপারিশ অনুযায়ী বিভাগ চালু ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম গ্রহণ, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ অনুসারে প্রয়োজনীয় একাডেমিক কমিটি গঠন করে কমিশনকে অবহিত করা এবং আইন ও হিসাব বিজ্ঞান বিভাগের কারিকুলাম প্রণয়ন করে একাডেমিক কাউন্সিলের অনুমোদন নেওয়া।
চলতি শিক্ষাবর্ষেই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।