1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দিগন্ত জুড়ে হলুদে রাঙা ক্ষেতলাল, সরিষা ফুলে হাসছে মাঠ

এম রাসেল আহমেদ (স্টাফ রিপোর্টার, জয়পুরহাট)
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পঠিত

দূর দিগন্তজুড়ে শুধুই হলুদ আর হলুদ। চোখ যতদূর যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে দোল খাচ্ছে সরিষার ফুল। সকালের কুয়াশা ভেদ করে সূর্যের আলো পড়তেই ঝলমল করে উঠেছে ক্ষেতলাল উপজেলার কৃষিজমি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে কৃষকের শ্রম, আশা আর সম্ভাবনার গল্প।

‎চলতি মৌসুমে সরিষা চাষে নতুন ইতিহাস গড়তে চলেছে ক্ষেতলাল উপজেলা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ হেক্টর, যা গত বছরের ৯০৫ হেক্টর আবাদি জমির তুলনায় প্রায় আড়াই শত হেক্টর বেশি। লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ফলনের দিক থেকেও আশাব্যঞ্জক পরিস্থিতি বিরাজ করছে।

‎সরিষার হলুদ ফুল শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায়নি, বরং গ্রামীণ অর্থনীতিতেও এনেছে প্রাণচাঞ্চল্য। কম খরচে অধিক লাভ, স্বল্প সময়ে ফসল ঘরে তোলার সুবিধা এবং বাজারে ভালো দামের প্রত্যাশায় এবছর নতুন অনেক কৃষক সরিষা চাষে আগ্রহী হয়েছেন। অনেক জমিতে ধান কাটার পর পরই সরিষা আবাদ করায় জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়েছে।

‎ক্ষেতলালের কৃষকরা জানান, উন্নত জাতের বীজ, সময়মতো সার-বালাইনাশক প্রয়োগ এবং নিয়মিত কৃষি কর্মকর্তাদের পরামর্শে এবছর ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌমাছির গুঞ্জনে সরিষা ক্ষেতে যেন প্রাণ ফিরে পেয়েছে গ্রামবাংলা।

‎এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, “সরিষা একটি অত্যন্ত সম্ভাবনাময় তেলবীজ ফসল। এবছর কৃষকদের ব্যাপক সাড়া ও আন্তরিক প্রচেষ্টার ফলে সরিষা আবাদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ থেকে উন্নত বীজ সরবরাহ, মাঠপর্যায়ে নিবিড় তদারকি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়েছে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

‎তিনি আরও বলেন, সরিষা চাষ বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন কৃষকের আয় বাড়ছে, অন্যদিকে আমদানিনির্ভর ভোজ্যতেলের ওপর চাপ কমাতে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ক্ষেতলাল উপজেলা।

‎সরিষার হলুদে মোড়া এই মাঠ শুধু কৃষিপণ্যের উৎপাদন ক্ষেত নয়, এ যেন আত্মনির্ভরতার প্রতীক, কৃষকের স্বপ্নের ক্যানভাস। প্রকৃতি আর পরিশ্রমের মিলনে এবছর ক্ষেতলাল হয়ে উঠেছে তেলবীজ উৎপাদনের এক উজ্জ্বল উদাহরণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর