আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের জেলা সেনা কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ।
এছাড়া সভায় জেলা শহর ক্যাম্পের কমান্ডার মেজর তৌহিদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন ১৪ ও ১৬-এর অধিনায়ক প্রতিনিধিগণ, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, জেলা আনসার কমান্ডারসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সমন্বয় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ কার্যক্রম দমনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ও বিজিবি কমান্ডারগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকল দপ্তরের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।