নওগাঁর আত্রাই উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক ও আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা।
সকাল ১১টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য বিজয় মেলার আয়োজন করা হয়, যেখানে চারু ও কারুশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। দুপুরে উপজেলা হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শেষ হয়।