গণতন্ত্র শক্তিশালীকরণ এবং তরুণ প্রজন্মের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনের মূল স্লোগান ছিল— “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”।
দি হাঙ্গার প্রজেক্ট–বাংলাদেশ এর আয়োজনে এবং সুজন–সুশাসনের জন্য নাগরিক, নওগাঁ জেলা কমিটির সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন-নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মোকসেদ আলি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। এছাড়া সুজনের সহ-সভাপতি সাইফুল ইসলামসহ অন্যান্য বক্তারা গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। বক্তারা বলেন, জবাবদিহিতা, স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং অংশগ্রহণই একটি রাষ্ট্রের শাসনব্যবস্থার মূল ভিত্তি।
অলিম্পিয়াডের মূল পর্বে ৫০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে প্রতিযোগীদের জ্ঞান যাচাই করা হয়। ফলাফলের ভিত্তিতে সেরা ১০ জনকে মেডেল, সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীকে সনদপত্র দেওয়া হয়।
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে ভোট ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ইতিবাচক মনোভাব আরও জোরদার হবে বলে আশা করেন আয়োজকরা।