বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নওগাঁয় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর নওগাঁ কেডি মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন— জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি রানা, জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, পৌর কৃষক দলের সভাপতি এস এম রাশেদুল আলম সাজু।
এছাড়াও বক্তব্য রাখেন— সদর উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আল মামুন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। দেশবাসীর দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তারা। একই সঙ্গে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
শেষে বেগম জিয়ার দ্রুত আরোগ্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।