নোয়াখালীর সুবর্ণচরে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নবী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, মাধ্যমিক, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষক সমিতির প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদা, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে গৃহীত কর্মপরিকল্পনা সভায় উপস্থাপন করা হয়। সরকারি নির্দেশনা অনুসরণ করে শৃঙ্খলাপূর্ণভাবে দিবস উদযাপনে সকল প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানানো হয়। পাশাপাশি প্রচার–প্রচারণা বাড়ানো ও সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভা শেষে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসের সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।