জাতীয় নিরাপত্তার স্বার্থে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম এবং অনলাইন পোর্টালে দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি প্রচার করা হচ্ছে। এসব প্রচারিত বক্তব্য সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করা ছাড়াও সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ উসকে দিতে পারে বলে উল্লেখ করা হয়।
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জানায়, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর নিয়মাবলির পরিপন্থী। বিশেষ করে অধ্যাদেশের ধারা ৮(২)-এ বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিতকারী তথ্য কিংবা জাতিগত বা ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং সহিংসতার আহ্বানকারী যে কোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার ব্যবস্থা নিতে পারে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অধ্যাদেশের ধারা ২৬(১) অনুযায়ী ছদ্ম পরিচয় বা অবৈধ প্রবেশের মাধ্যমে কেউ যদি ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতা উসকে দেওয়া বক্তব্য প্রকাশ বা প্রচার করেন, তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
এজেন্সি গণমাধ্যমকে এ ধরনের অবৈধ কনটেন্ট প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দিয়ে জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়।