চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন রবি মৌসুমে পতিত জমির ব্যবহার নিশ্চিত করতে ১৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও তিন প্রকার রাসায়নিক সার বিতরণ করেছে।
এ কার্যক্রম বুধবার (১২ নভেম্বর) উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে সম্পন্ন হয়। প্রতিটি কৃষক এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে চাষের জন্য ১ কেজি সরিষা বীজ এবং মোট ১৫ কেজি সার পেয়েছেন।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন বলেন, “আজকের এই উদ্যোগ চৌদ্দগ্রামে কৃষির সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করবে।”
উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের আহমেদ সার্বিক তত্ত্বাবধান করেন।