চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দীর্ঘদিন পর নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শামিম হোসেন। তিনি গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে ভোলাহাট উপজেলা ভূমি অফিসে যোগ দেন।
যোগদানের পরপরই তিনি উপজেলাকে দালালমুক্ত, স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “এই অঞ্চলের মানুষের সেবা করা আমার জন্য গর্ব ও দায়িত্বের বিষয়। ভূমি সংক্রান্ত যেকোনো আবেদন, নামজারি বা খাজনা পরিশোধের ক্ষেত্রে সবাই যেন নিজেই আবেদন করেন—কোনো দালালের মাধ্যমে নয়। দালালের মাধ্যমে আবেদন করলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে এবং অপ্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় হয়।”
তিনি আরও বলেন, “ভূমি অফিস জনগণের সেবার জন্য। আমার অফিসের দরজা সর্বদা জনগণের জন্য খোলা থাকবে। সৎ, স্বচ্ছ ও নির্দ্বিধায় সেবা প্রদানই আমার মূল লক্ষ্য। আসুন, সবাই মিলে একটি দালালমুক্ত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলি। ভোলাহাটের মানুষের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ্।”
ভোলাহাটের সাধারণ জনগণ আশা প্রকাশ করেছেন, নবাগত এই এসিল্যান্ড-এর উদ্যোগে ভূমি অফিসে স্বচ্ছতা ও সেবার মান আরও উন্নত হবে।