নওগাঁয় পলিথিন ও প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ এনভায়রনমেন্টাল লইয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা)-এর উদ্যোগে এক অরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নওগাঁর আস্তান মোল্লা কলেজে এ কর্মসূচি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সান্যাল ও সাইফুল ইসলাম সুমন, বেলার নওগাঁ নেটওয়ার্ক প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, কলেজের শিক্ষকবৃন্দ এবং অর্ধ শতাধিক শিক্ষার্থী।
অরিয়েন্টেশনে বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক এখন পরিবেশের জন্য এক মহাবিপর্যয়। এগুলো শুধু মাটি ও পানি নয়, প্রাণিকূল ও মানবস্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। তাই সবাইকে এখন থেকেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।
বেলার প্রতিনিধিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তরুণ প্রজন্মই পরিবেশ রক্ষার মূল শক্তি। পলিথিনমুক্ত সমাজ গঠনে আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে পলিথিন ও প্লাস্টিকের বিকল্প হিসেবে পুনর্ব্যবহারযোগ্য ও জৈব-বান্ধব উপকরণের ব্যবহার নিয়ে ব্যবহারিক নির্দেশনাও প্রদান করা হয়।
শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অঙ্গীকার করেন, তারা নিজেরা পলিথিন ব্যবহার থেকে বিরত থাকবেন এবং অন্যদেরও সচেতন করবেন।