নওগাঁর মান্দা উপজেলায় বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) আছরের নামাজ শেষে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নেত্রীর দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন মান্দা উপজেলা বিএনপি সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক নাজু, সাবেক সভাপতি মোখলেসুর রহমান মোকে, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক বারী, যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল খান, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম বাদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য সাধারণ মানুষ। দোয়া মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য আজীবন লড়াই করেছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং গণতন্ত্রের জন্য সংগ্রামী এক সাহসী কণ্ঠস্বর। তার সুস্থতা ও দীর্ঘায়ু জাতির জন্য আশীর্বাদ।” এছাড়াও বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশনেত্রীর অবদান স্মরণ করেন এবং তার নেতৃত্বে দেশে জনগণের অধিকার ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সকলে প্রাণ খুলে দোয়া কামনা করেন।