প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল হাসান। তিনি বলেন, “যুব সমাজ দেশের ভবিষ্যৎ। প্রযুক্তির সঠিক ব্যবহার ও বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে যুব শক্তিকে আরও এগিয়ে নিতে হবে। শুধু চাকরির প্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। সরকার যুব উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে, যা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।”
উপজেলা প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা জামায়াতের আমীর আসাদুল্লাহ আল গালিব, ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা যুবসমাজের উন্নয়ন, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সরকারি উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। একইসাথে যুবসমাজের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় একজন সফল উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে লাবনী বালা, তিথি সরকার, ফরহাদ হোসেন, চাঁদনী আক্তারসহ ১৭ জন যুব ও যুব নারীর মধ্যে ১৮লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।