সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নওগাঁয় খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ (সোমবার) সকাল ১০টার দিকে শহরের তাজের মোড় বধির স্কুল সংলগ্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন, সহকারি জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আমিনুল কবির, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মওলাসহ প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, খোলা বাজারে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রি করা হবে। শুক্রবার ও শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে। এ কর্মসূচির আওতায় প্রতিজন ৫ কেজি করে চাল ও আটা কেনা যাবে। প্রতিদিন ১২ জন ডিলারের মাধ্যমে পৌর এলাকার ১২টি পয়েন্টে ৯ মেট্রিক টন করে চাল-আটা বিক্রি করা হবে। সরকার চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে খোলা বাজারে ওএমএসের মাধ্যমে এই চাল-আটা বিক্রি চলছে।
দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ও এম এসে এর চাল বিক্রি কার্যক্রম। বাজারে দফায় দফায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় অস্বস্তিতে রয়েছে সর্বস্তরের মানুষ। সরকারে এই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কর্মসূচির প্রথম দিন ডিলারের দোকানগুলোতে চাল-আটা কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ও এম এস এর চাল কিনতে আসা গৃহবধূ মাবিয়া বেগম বলেন, আমরা গরীব মানুষ। সারা বছর চাল কিনে খেতে হয়। বাজারে চালের দাম খুবই বেশি। তার মধ্যে অনেকদিন থেকে এই চাল বিক্রি বন্ধ ছিল। আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য কষ্টকর হয়ে পড়েছিল। কম দামে চাল পাওয়ায় এখন কিছুটা স্বস্তি আসবে। সরকার যেন চাল বিক্রি বন্ধ না রাখে এবং সারা বছরই এটা চালু রাখে সেই দাবি জানাই।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ভোক্তাদের স্বস্তি দিতেই আজ থেকে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রির কার্যক্রম শুরু হলো। কোনো ডিলার এই কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।