কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়া রাস্তার মাথায় ইসলামিয়া ট্রাক হোটেলে অভিযান চালিয়ে ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকলীগ নেতাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত অন্যরা হলো- চৌদ্দগ্রাম থানার ৬নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্লার ছেলে ও ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, চট্রগ্রাম জেলার মিরেরসরাই থানার পশ্চিম মিরেরসরাই গ্রামের সিরাজ মিয়ার ছেলে কামাল উদ্দিন, ৮নং মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের আনা মিয়া ভূঁইয়ার ছেলে মোঃ মীর হোসেন ভূইয়া ও চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের মৃত হাসান সরকারের ছেলে মোঃ ইয়াছিন। আজ রোববার দুপুরে এই তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার (ওসি) তদন্ত মোঃ গুলজার আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে যৌথবাহিনীর একটি দল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে ইসলামিয়া ট্রাক হোটেলে অভিযান চালিয়ে ৩৯৫ পিচ ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ এই মাদক কারবারিসহ ০৪ জনকে আটক করে। ওসি তদন্ত আরো জানান, দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম উপজেলার মহাসড়কের পাশে অবস্থিত বিভিন্ন ট্রাক হোটেলগুলোতে রমরমা মাদক বেচা-কেনা চলে আসছে। হোটেল মালিকরা-কর্মচারিদের মাধ্যমে ট্রাক ড্রাইভার থেকে শুরু করে হেলপারের হাতে পর্যন্ত মরণ নেশা এই মাদক তুলে দিচ্ছে। আমাদের আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারির কারনে ইতিমধ্যে অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে। আশা করি ভবিষ্যতে এই অভিযান আরো জোরদার করা হবে।