কুমিল্লার বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরিহ ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা সাহেব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার কোরপাই এলাকা থেকে তাকে গ্রেফতার করে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি টিম। গ্রেফতার সাহেব আলী বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়াও তিনি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং মোকাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। গ্রেফতারের বিষয়টি টাইমস নিউজকে নিশ্চিত করেন দেবপুর পুলিশ ফাড়ির আইসি ইন্সপেক্টর মোহাম্মদ শহিদুল্লাহ প্রধান। তিনি জানান, গ্রেফতারকৃত সাহেব আলীর বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।