কুমিল্লার দাউদকান্দি পৌরসভার বলদাখাল গ্রামে অভিযান চালিয়ে মোঃ হাবিবুর রহমান ও সিহাব আহম্মেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী৷ মঙ্গলবার (১৪ মে) দিবাগত ভোর ৫টার দিকে উপজেলার পৌরসভার বলদাখাল গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও দাউদকান্দি মডেল থানা পুলিশ৷ এ সময় তাদের দেহ তল্লাশী করে ইয়াবা ও ফেনন্সিডিল উদ্ধার করা হয়৷ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী৷ গ্রেপ্তারকৃত মোঃ হাবিবুর রহমান (৩০) পৌরসভার ৫নং ওয়ার্ডের বলদাখাল গ্রামের মৃত হুমায়ন কবিরের ছেলে আর অপর গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ সিহাব আহম্মেদ (২২) সে ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার বালুরচর (দক্ষিন পাড়া) গ্রামের মোঃ আজিজের ছেলে৷ সিহাব বর্তমানে পৌরসভার ৬নং ওয়ার্ডের দোনারচর গ্রামের চৌধুরী বাড়ীতে বসবাস করতেন৷ এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলদাখাল গ্রামের একটি বসতবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়৷ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে৷