কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে কাউছার হোসেন খোকা (৩০) নামের একজন শীর্ষ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার তুলাতলী সড়ক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। শনিবার (১৯ এপ্রিল) তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালত তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক কাউছার পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কোরবানপুর গ্রামের মরহুম রেনু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কাউছার ডাকাতি-ছিনতাই সহ মাদক ব্যবসার সাথে জড়িত। সে দীর্ঘদিন ধরে নিজের বাড়িসহ এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবনের স্পট গড়ে তুলেছিলো। এলাকাবাসী বহুবার বাঁধা দিয়েও তার মাদক ব্যবসা বন্ধ করতে পারেনি। এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাবেদ উল ইসলাম জানান, আটককৃত কাউছার এর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় দ্রুত বিচার আইনে ছিনতাই-লুট, বাঙ্গরা বাজার থানায় ছিনতাই এর মামলা রয়েছে। চান্দিনা থানার শুহিলপুর মুন্সীবাড়িতে মামুন নামের একজন প্রবাসীর বাড়িতে ডাকাতির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।