কুমিল্লায় মাত্র ৯১ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন আবদুর রহমান মিয়াজী নামের ৬ বছরের এক ছোট্ট শিশু। সে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনী মধ্যপাড়া মিয়াজী বাড়ির ফরহাদ মিয়াজীর ছেলে। রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকার আল-ইন্তেফাদাহ্ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে সে হিফজ শেষ করে। এ উপলক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) বিকেলে জোরপুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাধাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ওই হাফেজকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে মাধাইয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দল আহ্বায়ক আবুল খায়ের মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন। সংবর্ধনা অনুষ্ঠানে শাওন তার ব্যক্তিগত তহবিল থেকে ওই হাফেজ ছাত্রকে পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল আহবায়ক মাওলানা আবুল খায়ের, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. শাহজাহান সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পীসহ বিএনপির আরো অনেকেই।