বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন নওগাঁ- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী। এতে তিনি সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
শনিবার (১৬ আগস্ট) রাত ৯টায় নওগাঁর মুক্তির মোড়স্থ বিএমএসএফ জেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ১ আসনের সাবেক তিনবারের এমপি ডাঃ ছালেক চৌধুরী। তার সঙ্গে ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শবনম মোস্তারি (কলি) সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বিএমএসএফ এর নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন মতবিনিময় সভার প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সকল সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পরে প্রধান অতিথি ডাঃ ছালেক চৌধুরী বলেন, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে সাংবাদিকদের উন্নয়নে কাজ করবে। তিনি সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করা এবং দোষীদের শাস্তির আওতায় আনার ওপর জোর দেন।
মতবিনিময় সভার প্রধান অতিথি আরও বলেন, সাংবাদিকদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা এবং তাদের সুরক্ষার জন্য যুগোপযোগী আইন প্রণয়ন ও প্রয়োগ করা প্রয়োজন। তিনি মফস্বল সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। সাংবাদিকদের ন্যায্য দাবি আদায় এবং তাদের অধিকার সুরক্ষার জন্য সরকারের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করার কথাও তিনি উল্লেখ করেন।
সভায় বিএমএসএফ-এর বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে রয়েছে সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা, আইডি কার্ড, আবাসন, চিকিৎসা এবং সন্তানদের শিক্ষাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি এস.এম মোস্তাক হোসেন, সহ সভাপতি এ.কে.এম ফজলে মাহমুদ (চাঁদ), সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম হেলাল, যুগ্মসাধারণ সম্পাদক খসরু বাসার, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, গণমাধ্যম সম্পাদক ফয়সাল আহমেদ ও কার্যকারী সদস্য মহব্বত আলীসহ অন্যান্য সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।