সিকদার গ্রুপের মালিকানাধীন ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট-এর সাবেক সাংবাদিক ও কর্মচারীরা বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনাদি দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন। সোমবার সকালে রাজধানীর বনানীতে অবস্থিত সিকদার হাউসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচীতে তারা এ দাবি জানান।
পরে বিক্ষোভকারীরা গুলশানে পত্রিকাটির কার্যালয়ের সামনে আরও দুই ঘণ্টা অবস্থান কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোস্ট-এর সাবেক সিটি এডিটর ও বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা সোমা।
তিনি বলেন, ঈদের আগে ও পরে বিনা বেতনে বহু সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। প্রায় ১১ মাসের বেতন ও আটটি ঈদ বোনাস বকেয়া আছে। এ অবস্থায় সাংবাদিকরা মানবেতর জীবনযাপন করছে। দ্রুত পাওনা পরিশোধ না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।
অন্য বক্তাদের মধ্যে ছিলেন সাবেক সাংবাদিক এহসানুল হক জসীম, শায়খূল ইসলাম রতন, সহকারী সার্কুলেশন ম্যানেজার গিয়াসউদ্দিন, আইটি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল শিশির এবং সিনিয়র ফটো সাংবাদিক জাহিদউদ্দীন সায়মন। তারা বলেন, মাসের পর মাস বেতন না পেয়ে পরিবার নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেক কর্মী।
বিক্ষুব্ধ সাংবাদিক-কর্মচারীদের পক্ষ থেকে নাসিমা সোমা ঘোষণা দেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে সব বকেয়া পরিশোধ না করা হলে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে পরবর্তী কর্মসূচী পালন করা হবে।