সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সংগঠনের এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সভায় দেশের বিভিন্ন জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন বন্ধে বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে শিগগিরই সংগঠনটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
সংগঠনটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে সাংবাদিক নির্যাতনমুক্ত একটি নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে।
উল্লেখ্য, ২০২০ সালে করোনাকালীন সময়ে দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেলে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শাখা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি কার্যক্রম সম্প্রসারণ করে আসছে।
সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ভার্চুয়াল সভায় এ বিষয়ে আলোচনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা যায়, এ কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীরা যুক্ত থাকবেন।