গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করেন। তাদের পেশাদারিত্ব, সাহসিকতা এবং দায়িত্ববোধ দেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের নতুন হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উন্নয়নে সাংবাদিকদের অবদান উল্লেখ করে সচিব বলেন— বুড়িচংয়ের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়ন, জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র তুলে ধরে সমাজে ইতিবাচক প্রভাব রেখে আসছেন। তিনি বলেন, “তাদের নিরলস প্রচেষ্টার কারণেই অনেক সমস্যার সমাধান সম্ভব হয়েছে, প্রশাসনও দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে।”
আগামী দিনের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে সচিব আরও বলেন— উপজেলার সার্বিক উন্নয়নে অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, জনসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সেবা বাড়াতে বিভাগ ও মন্ত্রণালয় মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করবে বলে জানান তিনি।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় ও সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচংয়ের ইউএনও তানভীর হোসেন, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইউএনও জায়েদ হোসেন, বুড়িচং থানার ওসি আজিজুল হক ও প্রেস ক্লাবের উপদেষ্টা সাংবাদিক আবু মুসা। এসময় প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষে ধন্যবাদ জ্ঞাপনে প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, নতুন হলরুম উদ্বোধনের মাধ্যমে সাংবাদিকদের কর্মতৎপরতা আরও গতিশীল হবে। স্থানীয় সমস্যার সমাধানে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।