ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পুটিয়া এলাকায় দুটি কাভার্ডভ্যান ও একটি পুলিশভ্যানসহ মোট তিনটি গাড়ি খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক কনস্টেবল গুরুতর আহতের খবর পাওয়া গেছে। সোমবার (২ জুন) সকাল সাড়ে ৯টা এবং সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের দাউদকান্দির পুটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পুটিয়া এলাকায় দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ সময় একটি কাভার্ডভ্যান খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল। পুলিশ ভ্যানটি সড়কে দাঁড় করিয়ে উদ্ধার কার্যক্রম ও ঘটনা তদন্তে নামে পুলিশ সদস্যরা। 
এ সময় বেপরোয়া গতি আরেকটি কাভার্ডভ্যান পেছন থেকে এসে পুলিশভ্যানকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই খাদে গিয়ে পড়ে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাদিম ও এসআই মনির হোসেন বলেন, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের চালক দ্রুত ও বেপরোয়া গতিতে এসে হাইওয়ে পুলিশের দাড়ানো মোবাইল পিকআপ’কে স্বজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়ীসহ কাভার্ডভ্যান দুইটি রাস্তার নীচে পড়ে যায়। পুলিশের মোবাইল গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এসময় পুলিশের মোবাইল গাড়িতে থাকা কনস্টেবল সাগর ইসলামের ডান পা ভেঙ্গে যায়। পরে তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, পুলিশের গাড়িটি দুর্ঘটনা সংঘটনকারী কাভার্ড ভ্যানের চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কনস্টেবল সাগরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। রেকার দ্বারা উদ্ধার কাজ চলমান আছে। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।