সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব কুমিল্লা-এর উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে অবস্থিত হালদা ভ্যালি চা বাগান রিসোর্ট-এ এ বনভোজনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব কুমিল্লার সভাপতি লায়ন আলহাজ্ব ডা. এ কে এম আবদুল সেলিম, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবদুল আউয়াল সরকার, সহ-সভাপতি লায়ন মোঃ সাইদুল ইসলাম ভূঁইয়া, লায়ন দেলোয়ার হোসেন চৌধুরীসহ ক্লাবের সদস্যবৃন্দ ও তাদের পরিবার।
সভাপতি তার বক্তব্যে বলেন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম বৃহৎ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। ১৯১৭ সালে মেলভিন জোন্স যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংগঠনটি দৃষ্টিশক্তি রক্ষা, ডায়াবেটিস সচেতনতা, পরিবেশ সংরক্ষণ এবং সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে।
কর্তব্যরত কর্মকর্তারা জানান, হালদা ভ্যালি চা বাগান একটি আধুনিক ও পুরস্কারপ্রাপ্ত চা বাগান, যা শতভাগ ক্লোন চায়ের জন্য পরিচিত। ২০০৩ সালে পিএনএল হোল্ডিংস লিমিটেড বাগানটি অধিগ্রহণের পর এটি দেশের অন্যতম শীর্ষ চা উৎপাদনকারী বাগানে পরিণত হয়েছে।
বনভোজনে অংশ নেওয়া সদস্যরা জানান, চা বাগানের সবুজ পরিবেশে সময় কাটানো ছিল অত্যন্ত প্রশান্তিময় ও আনন্দদায়ক অভিজ্ঞতা। সারিবদ্ধ চা গাছ, উঁচু-নিচু টিলা, পাখির ডাক এবং ড্রাগন বাগানের মনোমুগ্ধকর দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে। পাশাপাশি বাগানের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক আচরণও সবার প্রশংসা কুড়িয়েছে।