বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে নওগাঁর মান্দা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। আজ বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় মান্দা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতীন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এম এ মতীন বলেন, “বিএনপি একটি সমুদ্রের মতো বিশাল দল। একজন-দু’জন কর্মীর ব্যক্তিগত কর্মকাণ্ডকে কেন্দ্র করে পুরো দলকে দোষারোপ করা অন্যায়। নির্বাচনী সংস্কারের নামে ভোট বিলম্বিত করার যেকোনো অপচেষ্টা জনগণ ও বিএনপি বরদাশত করবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি রাজপথে থাকবে।” সমাবেশে মান্দা উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, “বিএনপি আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। দেশের বিরুদ্ধে চলমান গভীর ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা সবাই ঐক্যবদ্ধ।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোকলেছুর রহমান মকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম নাজমুল হক নাজু, সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, এডভোকেট বিশ্বজিৎ কুমার সরকার, বিএনপি নেতা বেলাল হোসেন খান, শামসুল ইসলাম বাদল, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামিলা আক্তার ফেন্সি প্রমুখ।