কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ৪২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সিআর সাজাপ্রাপ্ত ১ জন ও জিআর পরোয়ানাভুক্ত ৩ আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিভিন্ন টিম অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, থানাধীন সাহেবাবাদ এলাকায় অভিযান চালিয়ে মো. কবির (৩৫) নামের এক ব্যক্তিকে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অন্যদিকে থানাধীন দেউশ এলাকায় অভিযান পরিচালনা করে মো. খোকন মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে ১১৬ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
এছাড়া নাইঘর এলাকায় অভিযান চালিয়ে মো. হৃদয় প্রকাশ ওমর ফারুক (২৭) নামে এক ব্যক্তিকে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে থানা পুলিশ।
এদিকে পৃথক ওয়ারেন্ট তামিল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. ইব্রাহীম প্রকাশ ইবু (২৩), মো. আপন (৩০) ও মো. সোলায়মানকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে সিআর সাজাপ্রাপ্ত আসামি রবি নামের এক ব্যক্তিকেও আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবারই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।