জাতীয় সংসদ ভবনে আজ (মঙ্গলবার) আমীরে জামায়াত ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎসমূহ অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলরা ডা. শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নে তাঁর নেতৃত্বে দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাক্ষাতে উপস্থিত ছিলেন–
ভুটানের প্রধানমন্ত্রী মি. শেরিং টোবগের, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, ভারতের পররাষ্ট্র বিষয়ক সচিব বিক্রম মিশ্রি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা।
প্রতিনিধিরা পৃথকভাবে ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় জামায়াতে ইসলামীর অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন–
কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।