কুমিল্লার দাউদকান্দিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন ও পিআর পদ্ধতি চালুর দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে দাউদকান্দির বাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল থানা সংলগ্ন রিফাত পার্কের সামনে সমাবেশে পরিণত হয়। সকাল সাড়ে দশটায় সেখানে সমাবেশ শেষ হয়। মিছিল থেকে স্লোগান দেওয়া হয়— “পিআর ছাড়া নির্বাচন মানি না, মানবো না”, “জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধ কর”, “পাঁচ দফা বাস্তবায়ন করতে হবে” ইত্যাদি।
পাঁচ দফা দাবিগুলো হচ্ছে –
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
কেন্দ্রীয় ঘোষিত এই পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনিরুজ্জামান বাহলুল। সমাবেশে সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর আমীর আবুল কাশেম প্রধানীয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারি মনিরুজ্জামান, পৌর সেক্রেটারি শাহজাহান তালুকদার, উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ, উপজেলা সহকারী সেক্রেটারি কাউসার আলম সরকার, মেজবাহ উদ্দিন মিয়াজী, আবু বকর সিদ্দিক, রেজাউল হক সরকারসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।