নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়েছে। এ সময় বৈধ কাগজপত্র ছাড়া তেল মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে হাতিয়ার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় হাতিয়া কোস্ট গার্ড স্টেশনের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকায় অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
পরে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বৈধ কাগজপত্র ব্যতীত জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সধারী একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অনিয়ম প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।