নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের আন্তরিকতা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি উপস্থিত থেকে বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের আন্তরিকতা থাকলেও তা যথেষ্ট নয়। ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার পরও নির্বাচন নিয়ে শঙ্কা রয়ে গেছে। দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, বিএনপি হলো তৃণমূল মানুষের দল। নেতারা কেউ কেউ দল ছেড়ে গেলেও কর্মীরা কখনো বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানকে ছাড়েনি। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই। সমাবেশে কুমিল্লার উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।